কক্সবাজারে ভুয়া সাংবাদিকের দণ্ড


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৮ মার্চ ২০১৭

অখ্যাত এক টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে কক্সবাজার সদর ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লো সায়মন সরওয়ার (২৫) নামে এক ভুয়া সাংবাদিক। বুধবার বিকেলে তাকে আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সায়মন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালীর ইউছুপেরখীল এলাকার নরুল আলমের ছেলে। তিনি নিজেকে ‘চ্যানেল এস’ নামে এক টেলিভিশনের জ্যেষ্ঠ কক্সবাজার প্রতিনিধি পরিচয় দেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, ‘চ্যানেল এস’ নামে একটি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ওই যুবক ভূমি অফিসের এক কর্মচারীর কাছ থেকে ঘুষ দাবি করেন। সন্দেহ হলে ওই যুবককে অফিসে বসিয়ে রাখা হয়। এরপর তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে টেলিভিশনটির অস্তিত্ব পাওয়া না যাওয়ায় চাঁদা দাবির অভিযোগে তাকে সাজা দেয়া হয়।

সহকারী কমিশনার আরও বলেন, আটক ওই যুবককে ভুয়া প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অপরাধে ১৮৬০ এর ১৮৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।