দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ শুরু
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর উত্তর আউটার সিগন্যালের কাছে চলন্ত ট্রেনের সঙ্গে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
সাতখামাইর রেলস্টেশনের স্টেশন মাস্টার গোবিন্দ চন্দ্র সরকার জানান, বালুভর্তি ট্রাকটি বরমী সড়ক দিয়ে সাতখামাইরের দিকে আসছিল।
এ সময় ঘটনাস্থলে যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে রেললাইনের পাশে ট্রাকটি হেলে পড়ে। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী বহ্মপুত্র এক্সপ্রেস অতিক্রম করে। এতে ট্রাকটির একপাশ মোচড়ে যায় ও ট্রেনের একটি হাতল খসে পড়ে।
এ ঘটনার দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে রেললাইন স্বাভাবিক হয়েছে। তবে ট্রাকটি নিরাপদ দূরত্বে সরানোর কাজ চলছে। ট্রেন চলাচলে এখন আর কোনো বাধা নেই।
মো. আমিনুল ইসলাম/এএম