মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে : চুমকি


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৪ মার্চ ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে এবং মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকা বাড়িয়া ইউনিয়নে আতুরী উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করে বাংলাদেশের প্রত্যেকটি শিশুরা শিক্ষিত হলে দেশ থেকে দরিদ্রতা এমনিতেই হ্রাস পাবে। আর দরিদ্রতা হ্রাস পেলে দেশ উন্নত হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ নারী অধিকার বাস্তবায়নে প্রধানতম অন্তরায়। সরকার দেশকে বাল্যবিবাহ মুক্ত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন সংসদে পাস করেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান শুক্কুর, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।