ফতুল্লায় গার্মেন্ট শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা


প্রকাশিত: ০৭:৪১ এএম, ১৫ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্ট শ্রমিক হারুন অর রশিদকে (২৮) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ ময়মনসিংহের ত্রিশালের তৈগর এলাকার শরীফ উদ্দিনের ছেলে। তিনি ফতুল্লার নাগবাড়ি এলাকার তাসের মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আর শিবুমার্কেট এলাকার এআরএস গার্মেন্টে কর্মরত ছিল।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার হারুন অর রশিদ গার্মেন্টে নাইট ডিউটি শেষে রাত ২টার সময় রিকশাযোগে ঘটনাস্থলে পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৩ জন এসে তাকে ছুরিকাঘাত করলে হারুন ঘটনাস্থলে মারা যায়। তবে তার কাছে থাকা মোবাইল ও টাকা কিছুই নেয়নি ঘাতকরা।

তিনি আরো জানান, হারুনকে যারাই ছুরিকাঘাত করে খুন করেছে তাদের সঙ্গে পূর্বের কোনো বিরোধ ছিল। আর সেই বিরোধেই হারুনকে খুন করা হয়েছে। হারুনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।