সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১১ এপ্রিল ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি মাসেই হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। যাদের বয়স এক বছরের কম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৭ মাস বয়সি বিশ্বজিত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন।

বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

আহমেদ জামিল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।