না.গঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার


প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৯ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আশরাফুল ইসলাম রোমান (৩৪) স্বীকারোক্তিতে চোরাই তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে রোমানকে গ্রেফতার করে রিমান্ডে আনে ডিবি পুলিশ।

রোববার সকালে আশরাফুল ইসলাম রোমান স্বীকারোক্তিতে বন্দর ও আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল তিনটি উদ্ধার করা হয়। গ্রেফতার রোমানকে রোববার দুপুরে আরও ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আশরাফুল ইসলাম রোমান নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুর এলাকার নরুল আমিনের ছেলে।

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আশরাফুল ইসলাম রোমান নিজেকে কখনো পুলিশের লোক আবার কখনো আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেল বিক্রি করে।

এর আগে মোটরসাইকেল চুরির অভিযোগে আশরাফুলের সহযোগীদের গ্রেফতার করা হলে তিনি পালিয়ে যায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে আনা হয়।

তিনি বলেন, রিমান্ডে থাকা অবস্থায় আশরাফুল ইসলাম রোমানের তথ্যমতে বন্দর  উপজেলার রোমানের ভাড়া বাড়ি ও আড়াইহাজার উপজেলায় শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।