তনু হত্যা : সিআইডিকে গণজাগরণ মঞ্চের আলটিমেটাম


প্রকাশিত: ০২:২৪ পিএম, ২০ মার্চ ২০১৭

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও হত্যা রহস্য বের না হওয়া ও ঘাতকদের চিহ্নিত করতে না পারায় সিআইডিকে ১০ দিনের সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ কুমিল্লা শাখা।

সোমবার দুপুরে গণজাগরণ মঞ্চ কুমিল্লা শাখা সিআইডিকে ১০ দিনের সময় বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ আলটিমেটাম দেয়া হয়। সেই সঙ্গে এ কর্মসূচি অবগতির জন্য কুমিল্লা পুলিশ সুপারের বরাবরও স্মারকলিপি দেয়া হয়।

জানা যায়, গত বছরের ২০ মার্চ রাতে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

থানা পুলিশ ও ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লা। কিন্তু গত এক বছরেও মামলার রহস্য উদ্ধার হয়নি।

এ বিষয়ে গণজাগরণ মঞ্চ কুমিল্লা জেলার মুখপাত্র খায়রুল আনাম রায়হান স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের জানান, আগামী ১০ দিনের মধ্যে যদি মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় তাহলে আগামী ২ এপ্রিল থেকে আমরা লাগাতার আন্দোলন গড়ে তুলব।

তিনি বলেন, সংবাদ সম্মেলন করে বিভিন্ন স্কুল-কলেজে ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। আশা করি অচিরেই সিআইডি তনু হত্যাকারীদের শনাক্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী সংগঠক মমতা রায়হান মম, কবি সৈয়দ আহাম্মদ তারেক, নাবিল হাসান অনিমেশ ও খন্দকার মহিবুল হক।

এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মানববন্ধন করে তনুর বিভাগ ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। কলেজের কলা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীম আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানের নাজিমুল হক স্বপন, সজীব ও সোহাগ।

এছাড়া কলেজ মসজিদে মিলাদের আয়োজন করে তনুর সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। এদিকে তনুর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামেও দুপুরে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।