সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির কর্মচারীদের বিক্ষোভ


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০২ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরীর হোলসিম কোম্পানির অস্থায়ী কর্মচারীরা ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত হোলসিম সিমেন্ট কোম্পানির প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে কর্মচারীরা। বিক্ষোভের পর শ্রমিক কর্মচারী ইউনিয়নে একটি স্মারকলিপি প্রদান করেছে তারা।

শ্রমিকরা জানান, প্রতিদিন হোলসিম সিমেন্ট কোম্পানিতে ২৮০ টাকা করে হাজিরা পেয়ে থাকে শ্রমিকরা। এ টাকায় শ্রমিকদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই ২৮০ টাকা থেকে ৫০০ টাকায় দৈনিক হাজিরা দাবি করা হয়।

এমনকি ঈদ বোনাস বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করতে হবে, সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করতে হবে। যে স্থানে যত শ্রমিক দরকার তাদের কাজে লাগাতে হবে।

শ্রমিকদের দাবিকৃত বাড়তি বেতন জানুয়ারি থেকে প্রদান করতে হবে, রমজান মাসে শ্রমিকদের ইফতারের ব্যবস্থা করতে হবে, দীর্ঘ ১০-১৫ বছর ধরে এ কোম্পানিতে অস্থায়ীভাবে কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে। এতে শ্রমিকরা ৭ দফা দাবিতে বিক্ষোভ করে।

হোলসিম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাইনুদ্দিন বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি করে আসছেন। শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসলেও কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণে গড়িমসি করছে।

এ বিষয়ে জানতে হোলসিম সিমেন্ট কোম্পানির ঠিকাদার রফিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

হোলসিম সিমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুস সালামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দিয়েছেন তিনি।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।