‘কুমিল্লা সিটি নির্বাচনে মানুষের আস্থা ফিরেছে’
কুমিল্লা সিটি নির্বাচনে মানুষের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম।
সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন কমিশনার।
রফিকুল ইসলাম বলেন, কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই। সেখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। বর্তমান নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছে।
নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন প্রস্তুত।
প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, রওশন আরা বেগম ডলি প্রমুখ।
পরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। এর আগে সকালে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গেলে সেখানেও সংবর্ধনা দেয়া হয় তাকে।
ফেরদৌস সিদ্দিকী/এআরএ/পিআর