নারায়ণগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব


প্রকাশিত: ০২:৪২ এএম, ০৪ এপ্রিল ২০১৭

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নারায়ণগঞ্জের কয়েকটি স্থান লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে ঝড়ে বেশ কয়েকটি দোকান ঘরের টিনের চাল উড়ে গেছে এবং গাছ ভেঙে রাস্তায় পড়ে আছে।

কালবৈশাখী ঝড়ে শহররে চাষাঢ়ায় অবস্থিত আর্মি মার্কেটের অন্তত ৮টি দোকানের টিনের চাল উড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। টিন উড়ে গিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলরত একটি উৎসব ও একটি বন্ধন পরিবহনের বাসের উপরে পড়ে। এসময় একটি বৈদ্যুতিক পিলারও হেলে পড়ে উৎসব বাসের উপর।

এতে করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । এসময় বন্ধন পরিবহনের কর্মচারী কাউসার, মডার্ন ইলেকট্রিকের মালিক মো. লিটন ও তার কর্মচারী আলহাজসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এছাড়া কালবৈশাখীর তাণ্ডবে চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল মার্কেটের একটি বিলবোর্ড ভেঙে পড়েছে। তবে সড়কের সামনের বৈদ্যুতিক খুঁটির জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভেতরে একটি বিটিসিএল (টিঅ্যান্ডটি) এর বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়েছে।

এছাড়াও কালবৈশাখীর তাণ্ডবে জেলার ফতুল্লা, বন্দর, আড়াইহাজার, সোনাগাসহ বিভিন্ন স্থানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, চাষাঢ়ার আর্মি মার্কেটের ঘটনা ছাড়া কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। এছাড়া বড় ধরনের তেমন কোনো ঘটনা ঘটেনি।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।