চট্টগ্রাম বন্দরে কন্টেইনার বিস্ফোরণে আহত ৫


প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৩ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডেলিভারি পয়েন্টে একটি কন্টেইনার বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, সানাউল্লাহ (৩০), বেলাল হোসেন (৩০), মো. মাসুদ (৩২), মো. সোলায়মান (৩২) ও মো. জামাল (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনসিটি টার্মিনালের ডেলিভারি পয়েন্টে মিথানল নামে একটি রাসায়নিক দ্রব্যের কন্টেইনারে এ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে বন্দর ডক ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, কন্টেইনার বিস্ফোরণে আহতদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।