যশোরের রেস্টহাউজে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালকের মৃত্যু


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৬ এপ্রিল ২০১৭

যশোরে অডিট করতে এসে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক পরিচালকের মৃত্যু হয়েছে। মৃত আরিফুল আলম (৫২) পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (নীরিক্ষা) ও রাজশাহীর কাদিগঞ্জ এলাকার জামসেদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সকালে যশোর পল্লী বিদ্যুত সমিতির রেস্টহাউজ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ফজলুল হক জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (নীরিক্ষা) আরিফুল আলম নীরিক্ষা কার্যক্রমের জন্য বুধবার সন্ধ্যায় বিমানযোগে ঢাকা থেকে যশোরে আসেন। রাতে সবার সঙ্গে খাবার খেয়ে রেস্টহাউজে ঘুমাতে যান।

বৃহস্পতিবার সকালে তার কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ঘর খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় দ্রুত তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আরিফুল আলমের মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাসুম কাজী জানান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আরিফুল আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

মিলন রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।