ঘুমন্ত মা-মেয়ের শরীরে এসিড নিক্ষেপ


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুমন্ত মা ও মেয়ের শরীরে এসিড ছুঁড়েছে দুর্বৃত্তরা। এসিডে মেয়ে মিথিলার মুখমণ্ডল ও মা লাকী বেগমের মাথার কিছু অংশ ঝলছে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শাহজাহান রোলিং মিল এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মজিবুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসিড দগ্ধ মিথিলা স্থানীয় শিহাচর ন্যাশনাল স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী।

বাড়ির মালিক মজিবুর মিয়া জানান, তার দোতলা বাড়ির নিচ তলায় সাতটি ভাড়াটিয়া পরিবার রয়েছে। তিনি স্বপরিবারে দোতলায় বসবাস করেন। এর মধ্যে বাবুল ড্রাইভার নামে এক ব্যক্তি ৮ মাস আগে ২ হাজার ৮০০ টাকায় একটি রুম ভাড়া নিয়ে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ বসবাস করছেন।

বৃহস্পতিবার ভোরে হৈ চৈ শুনে বাসার নিচ তলায় নেমে আশপাশের ভাড়াটিয়াদের কাছ থেকে শুনতে পেরেছি তার ভাড়াটিয়ার স্ত্রী ও স্কুলছাত্রী মেয়ের ওপর দুর্বৃত্তরা এসিড ছুঁড়েছে। তবে বাবুল ড্রাইভার ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আমাকে কিছুই বলেনি।

বাবুল ড্রাইভার জানান, বৃহস্পতিবার ভোরে তিনি প্রতিদিনের মত গাড়ি চালাতে চলে যান। তার ছেলে বিল্লাল ফোন করে জানায় তার মেয়ে ও স্ত্রীকে কে বা কারা এসিড ছুঁড়েছে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।