রোহিঙ্গাদের এনআইডি পাওয়ার রহস্য খোঁজা হচ্ছে


প্রকাশিত: ১১:২৩ এএম, ০৮ এপ্রিল ২০১৭

সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষে দেশে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পুনর্বাসন করা হবে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমরা জেনেছি অনেক রোহিঙ্গা ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে।

তিনি বলেন, অনেক রোহিঙ্গা কৌশলে জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছে। তা দিয়ে জমি ক্রয় করে বাসাবাড়ি করছে। তাদের এনআইডি প্রাপ্তির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এসব এনআইডিপ্রাপ্ত ও তাদের সহযোগিতা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গাদের অপকর্ম বন্ধ করতে বৈধ-অবৈধ রোহিঙ্গা শরণার্থীদের ঠেঙ্গারচরে নিয়ে যাওয়া হচ্ছে। মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে না নেয়া পর্যন্ত রোহিঙ্গারা ঠেঙ্গারচরে অবস্থান করবে।

বেলা সাড়ে ১১টার দিকে ত্রাণমন্ত্রী গাড়িযোগে কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছে কর্মরত এনজিও সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেন।

পরে রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত বিশ্বখাদ্য কর্মসূচি, স্বাস্থ্যসেবা, প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, সেলাই প্রশিক্ষণসহ সকল কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এ সময় ত্রাণমন্ত্রীর সঙ্গে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, কুতুপালং শরণার্থী ক্যাম্প ইনচার্জ শামসুদ্দোজা, উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।