না.গঞ্জে গ্রেফতার ৮ জঙ্গির বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১২:১২ পিএম, ০৮ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লায় গ্রেফতার জেএমবির আট সদস্যকে আসামি করে মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

গ্রেফতার জেএমবির আট সদস্যকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে র‌্যাব-১১ এর ডিএডি মো. বুলু মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. আবুল হোসেন এ মামলাটি তদন্ত করবেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. আবুল হোসেন জানান, গ্রেফতার জেএমবির আট সদস্যকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের রিমান্ড চাইবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও কুমিল্লা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির আটজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, ঢাকার ডেমরা এলাকার মো. জামাল ওরফে রাসেল জিহাদী (৪৫), ঢাকার কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী (৪৯), ডেমরা এলাকার নুরুল আবছার (২৭), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মহসিন (৫২) ও রূপগঞ্জ এলাকার জাবির হাওলাদার (২২)।

পরে তাদের দেয়া তথ্য মতে কুমিল্লার গৌরিপুর এলাকা থেকে আক্তারুজ্জামান মারুফ (৩২), মাওলানা ওমর ফারুক (৩২) ও কাশেম মুন্সীকে (৩১) গ্রেফতার করা হয়।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।