লাঠির আঘাতে কলেজ ছাত্র নিহত, আটক ২
বরিশালে দোকানের বকেয়া টাকা চাওয়া নিয়ে বাদানুবাদের জের ধরে লাঠির আঘাতে আহত কলেজ ছাত্র রাজিব হাসানের (২২) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন। শনিবার দুপুরে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নগরী থেকে ২ জনকে আটক করেছে।
নিহত কলেজ ছাত্র নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বরিশাল কমার্শিয়াল কলেজের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, বিএম কলেজ সংলগ্ন বৈদ্যপাড়া সড়কে ফুটপাতের চা দোকানি মো. হাসানের দোকানে বাকি খান কলেজ ছাত্র মাহফুজুর রহমান। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাহফুজ ওই দোকানে গেলে হাসান তার বকেয়া টাকা চান। এই নিয়ে মাহফুজের সঙ্গে হাসানের বাদানুবাদ হয়। এ সময় ঘটনা চক্রে সেখানে উপস্থিত হন কাজীপাড়ার অপর বাসিন্দা কলেজ ছাত্র রাজীব হাসান। তিনি দোকানি হাসানের পক্ষ নিয়ে মাহফুজের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। মাহফুজ ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে লাঠি দিয়ে রাজীব হাসানের মাথায় আঘাত করেন। এ সময় মাহফুজের সহযোগীরাও রাজিবকে বেদম মারধর করেন। লাঠির আঘাতে গুরুতর আহত রাজিব হাসানকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার মধ্যরাতে রাজিবের মৃত্যু হয়।
কোতোয়ালী মডেল থানার এসআই মুরাদ জাগো নিউজকে জানান, বৈদ্যপাড়া এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে রাসেল ও বাপ্পী নামে দুইজনকে আটক করা হয়। এ ঘটনার পর থেকে মাহফুজুর রহমান পলাতক রয়েছেন। তিনিও একই ছাত্রাবাসে থাকতেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, রাজিব মারধরে আহত হওয়ার পর দোকানি মো. হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এমজেড/আরআইপি