মুরাদনগর সদর ইউপির নির্বাচন ফের স্থগিত
কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউপির নির্বাচন তৃতীয় বারের মতো স্থগিত হয়ে গেছে। স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্বাচন স্থগিত করা করেন রিটার্নিং কর্মকর্তা।
আগামী ১৬ এপ্রিল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে উচ্চ আদালতের নির্দেশে আরও দুবার ওই ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল।
জানা যায়, গত বছরের ৪ জুন মুরাদনগর সদর ইউপি নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। ওই নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ পর্যায়ে আসার পর পৌরসভা গঠন সংক্রান্ত গেজেটকে ইস্যু করে হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণের মাত্র তিনদিন আগে অর্থাৎ ১ জুন নির্বাচন স্থগিত হয়ে যায়।
পরে গত বছরের ৩১ অক্টোবর পুনরায় এই ইউপির নির্বাচন অনুষ্ঠানের দিন-তারিখ ধার্য করলে একই ইস্যুতে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করলে ৩১ অক্টোবরের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
এরপর এই ইউপির নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করে নির্বাচন কমিশন। এদিকে একই ইস্যুতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
এতে স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই ইউপির নির্বাচন তৃতীয় বারের মতো স্থগিত করা হয়।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার প্রলয় কুমার সাহা বলেন, নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে মুরাদনগর ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি মুরাদনগর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণাপূর্বক একটি গেজেট প্রকাশ করা হয়। এতে সদর ইউনিয়নের আংশিক পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়।
কিন্তু এ পর্যন্ত ওই ইউনিয়নের অবশিষ্ট অংশের ওয়ার্ড পুনর্গঠন হয়নি। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পুনর্গঠন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মাহাবুবুর রহমানের স্বাক্ষরিত একটি আদেশ নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠানো হয়।
একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ সচিবের একান্ত সচিব, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর