ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রো-সিএনজির সংঘর্ষে আহত ২০


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিক্শা ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মিরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলার কসবা উপজেলার কুটি বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সুহিলপুর মীরহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিক্শাকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্শাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।