না.গঞ্জে যৌথ অভিযানে গ্রেফতার ১৪


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৬ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে সন্ত্রাসী তসলিমসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বেশির ভাগই মাদকসেবী হওয়ায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

রোববার জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার শহর ও আশেপাশের কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পরে রাত সাড়ে ১২টায় তাদের যাচাই-বাছাই করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ ও জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শহরের গলাচিপার মৃত কামাল মিয়ার ছেলে সোহেলকে (২৭) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, পশ্চিম দেওভোগ এলাকার আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিনকে (৩০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার ছোট ভাই রকিকে (২৩) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, তার বোন রোকসানা আক্তারকে (২০) ৫ হাজার টাকা জরিমানা, তার আরেক ভাই রানাকে (২৬) ৫ হাজার টাকা জরিমানা, একই এলাকার মৃত এনায়েত আলী ওরফে এনামিয়ার ছেলে মনির হোসেন মরনকে (৫৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মৃত নিয়ত আলীর ছেলে খোকন মিয়াকে (৩৭) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া, নারায়ণগঞ্জ নগর ভবনের কর্মচারী আব্দুল মজিদের ছেলে শহিদুল (২০), মৃত মোজাম্মেলের ছেলে খলিলুর রহমানকে (৩০) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ফতুল্লার মাসদাইর বাজার এলাকার মৃত সুলতানের ছেলে জাবেদকে (৪৫) মাদকের নিয়মিত মামলা, গলাচিপা কলেজ রোড এলাকার মজিবুর রহমানের ছেলে মাহে রমজানের (২৬) বিরুদ্ধে নিয়মিত মামলা, পশ্চিম দেওভোগ এলাকার মান্নানের স্ত্রী আফসানা আক্তার লিপিকে (২৫) ৫ হাজার টাকা জরিমানা, দেওভোগ পানির ট্যাংকি এলাকার ইলিয়াস মাদবরের ছেলে হ্নদয়কে (২০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস আওয়ামী সন্ত্রাসী একাধিক মামলার আসামি তসলিমের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।