কুমিল্লায় পত্রিকা বিক্রেতা ফারুকের খুনিদের ফাঁসির দাবি


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

কুমিল্লায় পত্রিকা বিক্রেতা ফারুক হোসেনের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার বিকেলে নগরীর কান্দিরপাড় ও পরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে কুমিল্লায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার এজেন্ট ও তাদের প্রতিনিধিসহ দেড় শতাধিক পত্রিকা বিক্রেতা অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, নগরীর মনোহরপুরের এস.আর ভূঁইয়া এজেন্টের প্রতিনিধি সাইফুর রহমান মাসুম, ফৌজদারি এলাকার নিউজ হোমের প্রতিনিধি আবদুল মতিন, ক্যান্টনমেন্ট এলাকার আজাদ নিউজ স্টোরের প্রতিনিধি আবুল বাশার, নিহত ফারুকের বাবা আব্দুল মান্নান, পত্রিকা বিক্রেতা আলমগীর হোসেন, রবিউল, ফারুক, বিল্লাল, নিহতের চাচা আজাদসহ অন্যান্যরা। তারা অবিলম্বে ফারুক হত্যার সঙ্গে জড়িত অপর সহযোগীদের গ্রেফতারসহ খুনীদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ভোরে ফারুক হোসেন পত্রিকা আনতে প্রতিদিনের ন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোডের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

পথিমধ্যে পালপাড়া ব্রিজসংলগ্ন বাবু বাজার এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাকে খুন করে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল মান্নান বাদী হয়ে সোলেমানসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

ঘাতকের জুতার সূত্র ধরে পুলিশ গত ১২ এপ্রিল জেলার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সাকু মিয়ার ছেলে সোলেমান নামের এক আসামিকে গ্রেফতার করে।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।