ঘুমন্ত ছেলেকে খুন করলো বাবা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে নিজের ঘুমন্ত ছেলেকে ছুরিকাঘাত করে খুন করেছেন তার বাবা। নিহতের নাম, আমজাদ মিয়া (৩২)।

বুধবার বিকেল ৪টার দিকে নবীনগর উপজেলা সদরের হাসপাতালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এঘটনার পর থেকেই বাবা ফরিদ মিয়া (৬০) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই কোনো একটি বিষয় নিয়ে বাবা ফরিদ মিয়ার সঙ্গে আমজাদ মিয়ার কলহ চলে আসছিল। তবে কি নিয়ে কলহ চলছিল তা জানা যায়নি। এ নিয়ে বুধবার সকালে ফরিদ মিয়ার সঙ্গে আমজাদ মিয়ার বাক-বিতণ্ডা হয়। পরে দুপুরে আমজাদ তার নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় ফরিদ মিয়া আমজাদের কক্ষে গিয়ে তাকে উপর্যপুরী ছুরিকাঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ঘাতক বাবা ফরিদ মিয়া পলাতক রয়েছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।