ব্রিফকেসে মিললো তরুণীর মরদেহ


প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৫ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহর এলাকায় ব্রিফকেসের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপ-শহরের ১৩ নম্বর সেক্টর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, বিকেলে ১৩ নম্বর সেক্টর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পাশে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ব্রিফকেস থেকে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। ব্রিফকেসে তরুণীর হাত-পা ভাঙা অবস্থায় ছিল। তবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর ব্রিফকেসে ভরে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ১৩ নম্বর সেক্টর থেকে ব্রিফকেস ভর্তি তরুণীর মরদেহ উদ্ধারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১৩ নম্বর সেক্টর এলাকায় পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পূর্বাচল উপ-শহরটি বিশাল এলাকা নিয়ে গড়ে উঠছে। পর্যাপ্ত পুলিশ সদস্য নেই। এরপরও এলাকার বিশেষ এলাকাগুলোতে পুলিশ টহল ব্যবস্থা করা হয়েছে।

মীর আব্দুল আলীম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।