কেমন হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

গাজী আশরাফ হোসেন লিপুর জায়গায় তার কাজ শুরু করেছেন আগেই। ১ এপ্রিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন হাবিবুল বাশার সুমন। দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য আনুষ্ঠানিক দল ঘোষণার মধ্য দিয়ে প্রধান নির্বাচক হিসেবে নতুন জীবন শুরু হতে যাচ্ছে হাবিবুল বাশার সুমনের। হাবিবুল বাশার সুমন একা নন, দুই নতুন নির্বাচক নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরীরও জাতীয় দল পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে, আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে আগামীকাল শনিবার।

তাদের সঙ্গে পুরোনো নির্বাচক হাসিবুল হোসেন শান্ত আছেন, থাকবেন। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরীরা কেমন দল সাজাবেন? কতজনের দল হবে? কেন শুরুতেই প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণার কথা বলা হলো? এসব কৌতূহলী প্রশ্ন নিশ্চয়ই এতক্ষণে পাঠকের মনে জেগেছে। পাঠকের কৌতূহল নিবারণ করতে গিয়ে বলা যায়, তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে নিজেদের মতো করে দল সাজাতে যাচ্ছে, এমন আভাস নির্বাচকদের কণ্ঠে।

বোঝাই যাচ্ছে বাংলাদেশ সিরিজটা জিততে চায়। কিউইদের সঙ্গে নিজ মাঠে ওয়ানডে সিরিজে শেষ হাসি হাসতে চায় মেহেদী হাসান মিরাজের দল। সেই সিরিজ জয়ের জন্য যেমন দল দরকার, হাবিবুল বাশার সুমনের কণ্ঠে সরাসরি না হলেও আভাস-ইঙ্গিত তেমনই যে, যেহেতু ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে এই সিরিজ থেকেই। এবং বাছাই পর্বের বৈতরণী পার না দিয়ে সরাসরি র‍্যাংকিংয়ের প্রথম আট দলের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার অবস্থান নিশ্চিত করার জন্য সামনের ওয়ানডে সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ।

সেই আলোকেই বাংলাদেশ চায় কিউইদের সঙ্গে নিজ মাঠে সিরিজ জিততে। এবং কিউইদের হারাতে যেমন দল দরকার, যেমন গঠনবিন্যাস, টিম কম্বিনেশন দরকার—বাংলাদেশ সেটাই চায়। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন তার প্রথম অ্যাসাইনমেন্টে, কাজেই তিনি দল গঠনের আগে কথাবার্তায় সতর্ক-সাবধানী।

জাগো নিউজের সঙ্গে প্রধান নির্বাচক হওয়ার আগে বিভিন্ন সময়ে বিগত দিনে অনেক দলের পারফরম্যান্স নিয়ে, দল নিয়ে ব্যক্তিগত পর্যায়ে এবং সবকিছু মিলিয়ে মাঠ ও মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে অনেক কথা বললেও আজ শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয় দল নিয়ে তেমন কিছু বলতে রাজি হননি হাবিবুল বাশার সুমন।

প্রথা মেনেই বলেছেন, দল নিয়ে আগাম মন্তব্য করা এখন সমীচীন হবে না। আগামীকাল প্রেস কনফারেন্সেই জানাব আমরা কাদের বেছে নিয়েছি, কী কারণে তাদের দলে নেওয়া হয়েছে। তবে হাবিবুল বাশার সুমনের কণ্ঠে একটা পরিষ্কার আভাস-ইঙ্গিত, বাংলাদেশ আগে সিরিজ নিশ্চিত করতে চায়, সিরিজ জিততে চায়। তারপর হয়তো কোনো রকমের পরীক্ষা-নিরীক্ষা হলেও হতে পারে। কিন্তু প্রথম দুই ম্যাচে বোঝাই যাচ্ছে দলে কোনো পরীক্ষা-নিরীক্ষা করার ইচ্ছে তার নেই।

আগে নিউজিল্যান্ডের সঙ্গে জেতার মতো একটা দল কন্ডিশনকে মাথায় রেখে এবং কিউই লাইনআপকে মাথায় রেখে সাজানো হবে। ১৫ জনের সেই দল শনিবার বেলা ১২টায় ঘোষণা হলেও বোঝা গেলো দল গঠন প্রক্রিয়া প্রায় শেষ। হয়তো বা তারপরেও আগামীকাল শেষবারের মতো দল নিয়ে নতুন বোর্ড প্রধান তামিম ইকবালের সঙ্গে এক পশলা কথা হতে পারে এবং তার অনুমোদন নিয়েই দল ঘোষণা হবে।

মোদ্দা কথা, নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ দিয়েই বাংলাদেশ আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। সেই প্রস্তুতির কথা মাথায় রেখে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে সিরিজ জয়, কারণ সিরিজ জিতলে সামনের সিরিজগুলোতেও যদি বাংলাদেশ ভালো খেলে, তাহলেই কেবল বাছাই পর্ব না খেলে সরাসরি আগামী বছরের বিশ্বকাপে খেলার সুযোগ আসবে।

না হলে সিরিজগুলো হারতে থাকলে বা খারাপ করতে থাকলে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। সেই কথা মাথায় রেখে বাংলাদেশ সতর্ক-সাবধানী, তাদের শক্তির সেরা দল নিয়েই প্রথম দুটি ম্যাচ খেলতে চায় এবং সেভাবেই দল সাজাতে আগ্রহী হাবিবুল বাশার সুমন। তারপরে সিরিজ নিশ্চিত হলে হয়তো শেষ ম্যাচের জন্য একটি-দুটি পরীক্ষামূলক নির্বাচন দেখা যেতে পারে।

এআরবি/এসকেডি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।