আপনাদের সন্তান যেন সেলিম ওসমানের মতো হয়


প্রকাশিত: ১১:০৩ এএম, ০১ মে ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে পেরেছিলেন বলেই তিনি কারাগারে থাকলেও কর্মীরা আন্দোলন করে তাকে মুক্ত করেছেন। সেই সঙ্গে দেশ স্বাধীন করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবসময় শ্রমিকদের উন্নয়নের কথা চিন্তা করেন।

তিনি বলেন, শুধু নেতারা হাসলেই হবে না শ্রমিকদেরকেও হাসতে হবে। যেসব নেতারা শ্রমিকদের হাসাতে জানে তারাই প্রকৃত নেতা। যেসকল মালিক দক্ষ শ্রমিক গড়ে তুলতে পারে তাদের কারখানাই টিকে থাকে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘মালিক শ্রমিক গড়বো দেশ এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগানে মহান মে দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও আঞ্চলিক শ্রম দফতরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানরা যাতে আর শ্রমিক না থাকে। তারা যাতে একদিন শ্রমিক নেতা পলাশ ও সেলিম ওসমান এমপির মতো বড় ব্যবসায়ী নেতা হতে পারে। সেজন্য তাদের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনারা যদি নিজেদের ভালোবাসতে না পারেন সন্তানদের ভালো বাসতে না পারেন তাহলে বড় হয়ে আপনার সন্তানরাই আপনাদের অভিশাপ দেবে। বস্তিগুলোতে গিয়ে দেখা যায় শ্রমিকরা কেউই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন না। অথচ তারা এটা বোঝেন না যে, বাঘের বাচ্চা একটা হলেই যথেষ্ট।

নারায়ণগঞ্জ আঞ্চলিক শ্রমিক দফতরের সহকারী শ্রম পরিচালক মো. সাদেকুজ্জামানের সভাপতিত্বে ও হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মঈনুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন, শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পরিচালক (পুলিশ সুপার) সানা শামীনূর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন, বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহম্মেদ পলাশ, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মুন্না, জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক প্রমুখ।

মো: শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।