নেশা করে পুলিশের এসআইকে পেটালেন যুবলীগ নেতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় নেশা করে রাস্তায় মাতলামি করার কথা জিজ্ঞাসা করতে গেলে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে আহত করেছেন যুবলীগ নেতা মনির হোসেন। এ সময় পুলিশের অন্য একটি টিম এসে এসআই কাজি এনামুলকে উদ্ধার করে এবং যুবলীগ নেতা মনিরকে বিয়ারসহ গ্রেফতার করে।
রোববার গভীর রাতে ফতুল্লার রোশন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার পর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতার যুবলীগ নেতা মনির হোসেন শহরের জামতলা এলাকার মৃত আব্দুল বারীর ছেলে এবং দুর্ধর্ষ সন্ত্রাসী মানিকের বড় ভাই। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, রোববার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই কাজি এনামুল ডিউটি শেষে রিকশাযোগে তার বাসা রোশন হাউজিং এলাকায় রওনা হন। রিকশা থেকে নামার পর নেশাগ্রস্ত অবস্থায় যুবলীগ নেতা মনিরসহ আরও কয়েকজন এনামুলের রিকশার সামনে এসে হাজির হয় এবং আজেবাজে কথা বলতে থাকে।
এর কারণ জানতে চাইলে এসআইকে গালমন্দ করে তারা। একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত হয়ে মনির লোহার রড দিয়ে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।
ঘটনার সংবাদে থানার আরেক এসআই আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে এসআই কাজি এনামুলকে উদ্ধার করে যুবলীগের মনিরকে গ্রেফতার করা হয়। আর তার সঙ্গে অন্যরা পালিয়ে যায়।
এ সময় মনিরের কাছ থেকে ৪টি বিয়ার উদ্ধার করা হয়। মনির অতিরিক্ত নেশা করায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। যুবলীগ মনিরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করা হয়েছে।
মো: শাহাদাত হোসেন/এএম/পিআর