কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ৪ কিশোর আহত


প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৩ মে ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে কোনাবাড়ি মেঘলাল এলাকায় রেল লাইনের পাশে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে থাকা বোমার বিস্ফোরণে চার কিশোর আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।

আহতরা হলো- শাকিল (১৪), মান্নান (১৩), দুলাল (১৩) ও আপন (১৩)।

আহত দুই ভাই দুলাল ও আপন জানায়, মেঘলাল এলাকায় রেল লাইনের পাশে তারা চারজন মোবাইলে গেম খেলছিল। এ সময় তারা একটি বাজারের ব্যাগ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে। তারা ওই ব্যাগটি নিয়ে এর ভিতরে কী আছে তা দেখতে ব্যাগটি খোলা মাত্রই ব্যাগে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তারা চার কিশোর আহত হয়।

আহত দুলাল ও আপনের বাবা শাহাবুদ্দিন জানান, তার দুই ছেলেকে আহত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন।

এদিকে রেল লাইনের পাশে বিকট শব্দে বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বিস্ফোরণ স্থলে এসে ভিড় করেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেনসহ ফোর্স পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।