বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেটম্যান বরখাস্ত, মামলা


প্রকাশিত: ১২:৪১ পিএম, ১০ মে ২০১৭

যশোরের অভয়নগরে গেটম্যানের অবহেলার কারণে রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় অন্তত ২ নারী শ্রমিক নিহত ও অর্ধশত আহত হয়েছেন।

সেই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে গেটম্যান হোসেন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার একটি মামলাও করেছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে আকিজ জুট মিলের শ্রমিকরা শ্রমিকবাহী নিজস্ব বাসে করে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন।

বাসটি পায়রা হয়ে মণিরামপুরের দিকে যাচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে বাসটি নওয়াপাড়া তালতলা রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় একটি রেলওয়ে ইঞ্জিন খুলনার দিকে যাচ্ছিল। রেলক্রসিংয়ের নিরাপত্তা দণ্ড উঠানো থাকায় বাসটি রেললাইনের ওপর উঠে পড়ে।

সঙ্গে সঙ্গেই রেলইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। এতে অন্তত ২ নারী শ্রমিক নিহত ও অর্ধশত শ্রমিক আহত হন। নিহত দুই নারী শ্রমিক হলেন, মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা আকবর গাইনের স্ত্রী কদবানু (৫২) ও আলা শিকদারের নূরজাহান (৫৫)।

স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ২৫০ শয্যা হাসপাতাল ও খুলনা হাসপাতালে প্রেরণ করেন।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম বলেন, আকিজ জুট মিলের শ্রমিকবাহী বাসটি মিল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২ নারী শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হন।

এদিকে, এ দুর্ঘটনার পর বুধবার রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি থানায় একটি মামলা করেছে। মামলায় বাস চালক রেজাউল ইসলাম ও তালতলা রেলক্রসিংয়ের গেটম্যান হোসেন আলীকে আসামি করা হয়েছে।

মামলাটি করেছেন যশোর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তালতলা রেলক্রসিংয়ে নিরাপত্তা নামানো ছিল না-এমন অভিযোগের প্রেক্ষিতে গেটম্যান হোসেন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নামে মামলাও হয়েছে।

মিলন রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।