যশোরে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৫ মে ২০১৭

যুদ্ধাপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজেদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আমজেদ মোল্লা যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের মৃত. সোবহান মোল্লার ছেলে।

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামের (যশোরের বাঘারপাড়া উপজেলার পার্শ্ববর্তী গ্রাম) রজব আলী বিশ্বাসের ছেলে মামলার বাদী খোকন বিশ্বাস জানান, ১৯৭১ সালের ১৫ আগস্ট বেলা ১১টার দিকে মাগুরার সীমাখালি বাজারের পাশে আমবাগানের দাঁড়িয়ে ছিলেন আসামি আমজেদ রাজাকারের নেতৃত্বে ১০/১২জন।  তারা মামলার বাদীর বাবা রজব আলী বিশ্বাসকে অপহরণ করে যশোরের বাঘারপাড়া থানার চাঁদপুর গ্রামে ইফাজ মোল্লার আম বাগানে নিয়ে যায়। সেখানে বাদীর বাবা গামছা দিয়ে চোখ ও দড়ি দিয়ে হাত বেঁধে বাগানের দক্ষিণ পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে করে হত্যা করে। বাদী ও সাক্ষীরা বিকেল ৫টার দিকে বাদীর বাবার মরদেহ গরুর গাড়িতে করে নিজ বাড়িতে এনে কবর দেন। এ ঘটনায় প্রথমে তারা মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। কিন্তু মাগুরার আদালত গত ৬ এপ্রিল মামলাটি ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী খোকন বিশ্বাস জানান, মামলায় তারা আমজেদ মোল্লা, কেরামত মোল্লা, ওহাব এবং ফসিয়ার মোল্লাকে আসামি করেছেন। শুনেছেন আমজেদ গ্রেফতার হয়েছেন। অন্যরা এখনও গ্রেফতার হয়নি।

মিলন রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।