বাড়িতে আশ্রয় নিয়ে শিশু অপহরণ
সিলেটের জৈন্তাপুরে বিপদে পড়ে একজনের বাড়িতে আশ্রয় নিয়ে পরদিন এক শিশুকে অপহরণ করে চম্পট দেয়ার ঘটনা ঘটেছে। অপহৃত শিশু আরিফ উদ্দিন (১২) জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের ফইজ উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জৈন্তাপুর থানায় বিকেলে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন আরিফের মা কলিমা বেগম।
জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক যুবক ফইজ উদ্দিনের বাড়িতে গিয়ে নিজেকে শাকিল আহমদ (২৬) বলে পরিচয় দেন। তিনি নিজেকে নোয়াখালি জেলার সোনাপুর গ্রামের বাসিন্দা বলে জানান। বিপদে পড়েছেন জানিয়ে তিনি একটি রাত থাকার সুযোগ দিতে অনুরোধ করেন। মানবিক দিক বিবেচনা করে তাকে রাতে থাকার সুযোগ দেয়া হয়।
শুক্রবার দুপুরে সবার অলক্ষ্যে শাকিল আরিফকে অপহরণ করে পালিয়ে যান। পরে ফোন করে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলক চন্দ্র বসাক জাগো নিউজকে জানান, শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা সর্বাত্মকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ছামির মাহমুদ/এমজেড/এমএস