কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
কুমিল্লায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের কারুকার্য খচিত ১৮ কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর এলাকার ধনঞ্জয় বীরের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন পুকুর পুনখননকালে গত বুধবার শ্রমিকরা ওই মূর্তিটির সন্ধান পান। পরে বিষয়টি স্থানীয় মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মো. সহিদুল ইসলামকে জানালে তিনি মূর্তিটি ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতা ধনঞ্জয় বীরকে দিয়ে দেন। ধনঞ্জয় বীর মূর্তিটি নিয়ে তাদের পারিবারিক মন্দিরে রেখে দেন। এ নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান ভূঁইয়া বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে অবহিত করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, শুক্রবার বিকেলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কষ্টি পাথরের এ প্রাচীন মূর্তিটির ওজন ১৮ কেজি ৫শ` গ্রাম এবং এটি অত্যন্ত দুর্লভ। মূর্তিটি সংরক্ষণের জন্য আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে। এ মূর্তিটির মূল্য প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটি বর্তমানে থানায় সংরক্ষণ করে রাখা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস