সাবলেটের সুযোগ নিয়ে ১১ ভরি স্বর্ণালংকার লুট, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০২ এপ্রিল ২০২৬
গ্রেফতার দুজন

রাজধানীর বংশালের একটি ফ্ল্যাটে সাবলেটের সুযোগে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোন লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- শেখ জালামিন (৩৪) ও মাধব চন্দ্র ধর (৬০)।

বুধবার (১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানান।

বংশাল থানার বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, গত ১ ফেব্রুয়ারি বংশাল মালিটোলা রোড মক্কা দুলারী টাওয়ারের সপ্তম তলায় শেখ জালামিন (৩৪) ও তার স্ত্রীকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়। গত ২৫ মার্চ সকালে ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বাসায় তাদের রেখে যান। পরে ২৭ মার্চ বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বাসায় ফিরে তারা দেখতে পান, কক্ষের দরজার তালা ভাঙা। এতে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৩০ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, চারটি রুলি, চারটি আংটি, চারটি নাকফুল, দুটি ছোট চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ১১ ভরি দুই আনা ওজনের স্বর্ণালংকার।

এছাড়াও একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ইসলামী ব্যাংকের চেক বই এবং ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সোহান বংশাল থানায় একটি চুরির মামলা করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বংশালের ফুলবাড়ীয়া মোড়ে অভিযান চালিয়ে আসামি শেখ জালামিনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন, চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁতিবাজার এলাকার শরীফ জুয়েলার্সের ম্যানেজার মাধব চন্দ্র ধরকে ৮ দশমিক ৪ রতি ওজনের একটি স্বর্ণের চেইনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।