যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৩ মে ২০১৭

বিড়ি ও সিগারেটের মধ্যে দ্বৈত শুল্ক নীতি ও বিড়ি শিল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণে সড়ক অবরোধ করে কয়েক হাজার শ্রমিক এই বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে মহাসড়কে পণ্যবাহী ট্রাকসহ কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।

ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য দেন, বিড়ি শ্রমিক ফেডারেশন দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক ফজলুর রহমান, বিড়ি শ্রমিক নেতা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, রশু মিয়া, মফিজুর রহমান, মনিরুজ্জামান, শরিফুল ইসলাম, আলেয়া বেগম, মায়া বেগম ও হেনা বেগম প্রমুখ।

সড়ক অবরোধকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, একটি মহল ষড়যন্ত্র করে সিগারেটকে বাড়তি সুবিধা দিয়ে বিড়ি শিল্পকে বন্ধ করতে চায়। এ জন্য বিড়ি ও সিগারেটের মধ্যে দ্বৈত শুল্ক নীতি রয়েছে। কিন্তু বিড়ি শিল্প বন্ধ হয়ে গেলে হাজার হাজার বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়বে। তাই বিড়ি শিল্পকে রক্ষা করে বিড়ি ও সিগারেটকে একই শুল্কের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রায় একঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। 

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।