দাউদকান্দি উপজেলা নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৫ এএম, ১০ মে ২০১৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দলীয় স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলীর ছেলে এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার রাত ১১টায় ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিভোর কুমার বিশ্বাস।

জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ ২০ হাজার ৩৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন মোহাম্মদ আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুল হাশেম সরকার পেয়েছেন ১৪ হাজার ৪৬৭ ভোট। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে ২৭ হাজার ৫৭ ভোট পেয়ে আওয়ামী লীগের আমান উল্লাহ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জসিম হাসান পেয়েছেন ২১ হাজার ৮৫৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন রোজিনা আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পারুল আক্তার পেয়েছেন ৩০ হাজার ৪৪৮ ভোট। এর আগে  শনিবার সকাল থেকে কেন্দ্র দখল, এজেন্ট ও কর্মী সমর্থকদের মারধরসহ নানা অনিয়মের অভিযোগে দুপুরে নির্বাচন বর্জন করে বিএনপি।  

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।