শীতলক্ষ্যার তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৫ মে ২০১৭

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে সেন্ট্রাল খেয়াঘাট, বন্দর খেয়াঘাট ও লঞ্চ টার্মিনালে পরিচালিত উচ্ছেদ অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল অবধি চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) যুগ্ম-পরিচালক আরিফ উদ্দিনের নির্দেশনায় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাতের নেতৃত্বে নৌপুলিশ ও জেলা পুলিশের দুইটি টিম, আনছার ও উচ্ছেদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ (নদী-বন্দর) সহকারী পরিচালক রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৮টি ফলের দোকান, ৪টি চায়ের দোকান, ২টি টংঘর, বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৪০টি টং দোকান, ২টি খাবার হোটেল উচ্ছেদ করা হয়।

এছাড়া বন্দর খেয়াঘাট সংলগ্ন আবুল হোসেন ডকইয়ার্ড সংলগ্ন স্থানে অবৈধভাবে ২টি রংয়ের দোকান নির্মাণ করায় ডকইয়ার্ডের মালিক আবুল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ওই ২টি রংয়ের দোকান উচ্ছেদ করা হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের পল্টুনে অবৈধ দোকান বসানোর অভিযোগে কৃষ্ণ সাহা, মো. মানিক, মো. পারভেজ, মো. হৃদয় ও সজীব ঘোষ নামে ৫ দোকানদার প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে বুধবার শীতলক্ষ্যার তীরে স্থাপিত বালু লোড আনলোডের ১১টি ড্রেজারের পাইপ ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।