ওয়াজ করে ফেরার পথে মুফতি ও তার সহযোগী নিখোঁজ
কুমিল্লায় মুফতি মাওলানা মোস্তাকুন্নবী ও তার গাড়ির চালকসহ তিনজন নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলা এলাকা থেকে তারা নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সদর দক্ষিণ মডেল থানায় জিডি করা হয়েছে। সন্ধ্যায় শহরতলীর চম্পকনগর এলাকার একটি মাদরাসায় বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম সংগঠনের নেতৃবৃন্দ তাদের সন্ধান দাবি করে সাংবাদিক সম্মেলন করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিখোঁজদের অবস্থানের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি। তবে ওই মুফতিসহ তিনজনকে অপহরণ করা হয়েছে নাকি আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে কেউ তাদের তুলে নিয়ে গেছে এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুধন্যপুর মাদরাসার অধ্যক্ষ ও লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা মুফতি মাওলানা মোস্তাকুন্নবী বুধবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ওয়াজ মাহফিল শেষে আসার পথে নিখোঁজ হন।
রাত সাড়ে ১২টার দিকে তারা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকায় পৌঁছেন এবং ওই সময় পর্যন্ত তাদের সঙ্গে পরিবারের লোকজনের মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন কোনো যোগাযোগ করতে পারেননি।
বৃহস্পতিবার সকাল থেকে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু তাদের কোনো সন্ধান না পেয়ে বিকেলে এ বিষয়ে মুফতি মাওলানা মোস্তাকুন্নবীর আত্মীয় স্বজনরা হাজী শফিকুল ইসলাম সদর দক্ষিণ মডেল থানায় জিডি করেন।
এদিকে মুফতি মাওলানা মোস্তাকুন্নবী, তার ছাত্র খায়রুল ইসলাম ও প্রাইভেটকারের চালক মাছুদ নিখোঁজের ঘটনায় তাদের সন্ধান দাবি করে বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম সংগঠনের নেতৃবৃন্দ সন্ধ্যায় শহরতলীর চম্পকনগর এলাকার মদিনাতুল উলুম মাদরাসায় সাংবাদিক সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ও জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক, ঢাকার বড়কাটরা মাদরাসার মোহতামিম মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মুস্তফা মাহমুদী, কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব আল্লামা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জেলা সদস্য সচিব সুলতান আহমাদ জাফরী, মহানগর যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাছান জেহাদী, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা নুরুল হক সিরাজী প্রমুখ।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, নিখোঁজদের খুঁজে বের করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।
মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি