কুমিল্লা বার্ডের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


প্রকাশিত: ০৫:২৭ এএম, ২৭ মে ২০১৭

দেশ-বিদেশে পল্লী উন্নয়নের ক্ষেত্রে খ্যাতি অর্জনকারী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৫৯ সালের এই দিনে আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী ড. আখতার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করেন। কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে পাহাড় ও প্রাকৃতিক অপার সৌন্দর্য্য ঘেরা কোটবাড়ি এলাকায় ১৫৬ একর জমির উপর বার্ড প্রতিষ্ঠা করা হয়।

ময়নামতি পাহাড়ের অনুপম নৈসর্গিক দৃশ্যকে অটুট রেখে প্রাকৃতিক মনোরম পরিবেশে ও গ্রিক স্থাপত্যের আদলে ডাক্স এডিস ফার্মের নকশায় তৈরি হয় এর ভবনগুলো। পল্লী উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি স্বাধীনতা পুরস্কার লাভ করে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বার্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পল্লী উন্নয়নে কাজ করে যাচ্ছে। বার্ড জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে ৫৮ বছর যাবৎ তার অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও একবিংশ শতাব্দীর চাহিদাকে বিবেচনায় রেখে তথ্য প্রযুক্তির সফল প্রয়োগে বাংলাদেশে পল্লী উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানটি আরো বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

বার্ড সূত্র জানায়, বাংলাদেশে বার্ড উদ্ভাবিত পল্লী উন্নয়ন কর্মসূচি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বাস্তবায়ন করছে। খ্যাতনামা এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রশাসনিক জনবল রয়েছে ৪ শতাধিক। এখানে বিভিন্ন বিষয়ে প্রায় সাড়ে ৮শ গবেষণা পরিচালনা করেছে। দীর্ঘ সময়ে পল্লী উন্নয়নের বিভিন্ন বিষয়ে ৪ লাখ প্রশিক্ষিত/অবহিত করতে সক্ষম হয়েছে।

বার্ডে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার। বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের নামেই নামকরণ করা হয়েছে বার্ড গ্রন্থাগারের। সেখানে বর্তমানে দেশি-বিদেশি অনেক দুর্লভ গ্রন্থসহ প্রায় ৭০ হাজার গ্রন্থ রয়েছে বলে জানা গেছে।

বার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে এ যাবত প্রায় ৫০টি প্রায়োগিক গবেষণা পরিচালনা করেছে। জাতীয় ও আন্তর্জাতিক তথা বিশ্বায়নের প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তনের জন্য বার্ড আরো বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানা গেছে। ড. আখতার হামিদ খানের সৃজনশীল ও দূরদৃষ্টির ফসল ‘কুমিল্লা মডেল’ যা দেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে মৌলিক ও সুদূর প্রসারী পরিবর্তনের সূচনার মধ্য দিয়ে বার্ডের পরীক্ষিত কর্মকাণ্ড ষাট ও সত্তরের দশকে সরকারের পৃষ্ঠপোষকতায় সারা দেশে ছড়িয়ে পড়ে।

রূপকল্প ২০২১ এর লক্ষ্য অর্জনে ও বাংলাদেশ বিনির্মাণে বার্ড পল্লী উন্নয়নের সূতিকাগার হিসেবে তার দীপ্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অতীতের ন্যায় পথিকৃতের ভূমিকায় কাজ করে যাচ্ছে। অন্যান্য বছর এই দিনে নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও ব্যতিক্রম ঘটেছে এ বছর।

বার্ডের পরিচালক (প্রশাসন) মো. শফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মাহে রমযান থাকতে পারে এই আশংকায় আগাম গত ২৫ মে প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করা হয়।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।