কুমিল্লায় ছাত্রদল কর্মী খুন
কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা তালতলায় চাচাদের হামলায় জিয়াউর রহমান সানি (৩৫) নামে এক ছাত্রদল কর্মী খুন হয়েছেন। শনিবার রাত সোয়া ১১টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানি মারা যান।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কুমিল্লার চর্থা এলাকায় জিয়াউর রহমান সানিকে পিটিয়ে গুরুতর আহত করে তার দুই চাচা ও চাচাতো ভাইয়েরা। হামলার পর রাত সোয়া ১১টার কুমিল্লা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সানি চর্থা তালতলা এলাকার আনিসুর রহমান জালালের ছেলে।
সানির স্ত্রী ফারহানা হক লিমা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে সানির চাচা মিজানু রহমান জামাল ও মফিজুর রহমান কামাল এবং তাদের সন্তানেরা শনিবার সন্ধ্যায় তার ঘরে প্রবেশ করে তাকে এলোপাথারি মারধর ও বুকে পিঠে রড দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় সানিকে কুমিল্লা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বাড়িতে অবস্থার অবনতি ঘটলে রাত সোয়া ১১টার দিকে তাকে আবারও জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
লিমার অভিযোগ, পারিবারিক সম্পত্তি ভোগদলের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবেই সানির চাচারা এ ঘটনা ঘটিয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, বুকে পিঠে আঘাত নিয়ে সন্ধ্যায় সানি জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি যান। পরে রাত সোয়া ১১টার দিকে তার স্ত্রী তাকে আবারো হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মো. কামাল উদ্দিন/এফএ/এমএস