দুর্গতদের তালিকা তৈরিতে অনিয়ম হলেই ব্যবস্থা : মায়া
দরিদ্রবান্ধব আওয়ামী লীগ সরকারের কাছে সব ক্ষতিগ্রস্তই সমান উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, সরকার শুধু ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নয়, সব দুর্গত মানুষের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে আমাদেরকে পাঠিয়েছেন।
তিনি বলেন, যেসব ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সেগুলো মেরামত করা হবে। আমরা আঘাতপ্রাপ্ত চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের ঘর করতে নগদ অর্থ সহায়তা দেব। তবে এ জন্য সঠিক তালিকা প্রণয়ন জরুরি। তালিকা তৈরির ক্ষেত্রে কোনো আত্মীয় ও দলীয়করণ চলবে না। এমনটি যারা করবে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রোববার দুপুরে কক্সবাজারের রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে পৃথক ত্রাণ বিতরণী সভায় এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, বাঙালি বীরের জাতি। আর রামুর মানুষ খুবই সাহসি। সাহসের সঙ্গে ঘূর্ণিঝড় মোরা মোকাবেলা করায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। আমরা প্রাথমিক পর্যায়ে যাদের ঘরে খাবার নেই-তাদেরকে ত্রাণ বিতরণ করছি। এই ত্রাণ বিতরণে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো.শাহ কামাল এবং রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।
মন্ত্রী রামুর কাউয়ারখোপ ইউনিয়নে ত্রাণ বিতরণ শেষে প্রথমে গর্জনিয়া ও পরে কচ্ছপিয়া ইউনিয়নে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এবং এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে তিনি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাচীন একাডেমিক ভবন ও ক্ষতিগ্রস্থ কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন পরিদর্শনে যান।
সায়ীদ আলমগীর/এমএএস/পিআর