কক্সবাজারে গার্মেন্টস ব্যবসায়ী অপহরণ : যুবলীগ নেতা আটক


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৪ মে ২০১৫

কক্সবাজারের পিএমখালী থেকে অপহরণের কয়েক ঘণ্টা পর এক গার্মেন্টস ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সাথে জড়িত সন্দেহে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্কাসকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার আবু তৈয়বের ছেলে ও চট্টগ্রামস্থ সিএনবি এলাকার আজিম গ্রুপের গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ তাহের (৩০) তার এক আত্মীয়কে দেখতে বুধবার সন্ধ্যায় সদরের পিএমখালী চেরাংঘর এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে সিএনজি যোগে কয়েকজন যুবক ডিবি পুলিশ পরিচয়ে তাকে পাশ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম জানান, খবর পেয়ে অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের হোতা ও পিএমখালী তোতকখালীর বদিউজ্জামানের ছেলে মোহাম্মদ আক্কাসকে গভীর রাতে আটক করে। পরবতীর্তে বৃহস্পতিবার সকালে অপহৃত তাহেরকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

তাহের সাংবাদিকদের জানায়, তাকে সিএনজিতে তোলার পর মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া হয়। আক্কাস নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওসি মতিউল জানান, আক্কাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।