কুমিল্লায় গোমতি নদী ভরাট নিয়ে রিট খারিজ


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৪ মে ২০১৫

কুমিল্লায় গোমতী নদী ভরাট করে মৎস্য চাষের আয়োজন চলছে এমন অভিযোগে কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) ও পানি উন্নয়ন বোর্ডকে বিবাদী করে হাইকোর্টে দায়েরকৃত একটি রিট আবেদন প্রধান বিচারপতির বেঞ্চ খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার শুনানি শেষে তা খারিজ করে দেয়া হয়েছে বলে পাউবো সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, বৃহস্পতিবার রিটের শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে তা উপস্থাপন করা হয়। রিটকারীর পক্ষে ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং পাউবোর পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও পাউবোর প্যানেল আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক শুনানিতে অংশগ্রহণ করেন। উভয়পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহা রিটটি খারিজ করে দেন।

প্রসঙ্গদ, গত ১৪ মে গোমতী ভরাট বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনস্বার্থ উল্লেখ্য করে ওই রিটটি দায়ের করেছিলেন মুরাদনগরের মনির হোসেন নামের এক ব্যক্তি।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ জানান, গোমতি ভরাট করে মাছ চাষের তথ্যটি সঠিক ছিল না, কারণ সরকারি উদ্যোগে ও অর্থায়নে মুরাদনগরে গোমতির ভাঙন ঠেকাতে জনস্বার্থ বিবেচনা করেই নদীর বাঁক খনন এবং ক্লোজার তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল, সেখানে ব্যক্তি উদ্যোগে মাছ চাষ করার তথ্য মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলেও উল্লেখ্য করেন তিনি।

কামাল উদ্দিন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।