পৃথিবীতে আম উৎপাদনে ৮ম স্থানে বাংলাদেশ


প্রকাশিত: ১২:২১ পিএম, ১৭ জুন ২০১৭

পৃথিবীতে আম উৎপাদনে ৮ম স্থানে বাংলাদেশ। বাংলাদেশের উদ্যানতত্ত্ব গবেষণার এটি একটি অবদান। উদ্যানতত্ত্ব গবেষণায় বাংলাদেশ অনেক এগিয়ে। সরকারও এ গবেষণার উপর জোর দিয়েছেন।

শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

‘উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর এলাকায় ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলে ওয়াহেদ খোন্দকার, বিশেষ অতিথি ছিলেনএকই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সনৎ কুমার সাহা।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক তপন কুমার পাল।

প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো. ফজলে ওয়াহেদ খোন্দকার দেশে উদ্যানতত্ত্ব গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অগ্রগতির লক্ষ্যে চর এলাকায় ও মাঠ প্রযুক্তি বিস্তারে আমাদের জোর দিতে হবে। আমাদের সরকার ইতোমধ্যে এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে।

যুগ্ম-সচিব সনৎ কুমার সাহা বলেন, হরটিকালচারের অগ্রতিতে আজ দেশে ফুল, ফল ও সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের অগ্রগতি হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বের দরবারে আম উৎপাদনে ৮ম স্থানে পৌঁছেছে। দুইদিনের কর্মশালায় দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিজ্ঞানী ও গবেষক অংশ নেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।