কক্সবাজারে ১২ ঘণ্টার ব্যবধানে মৃত ৪


প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৭ মে ২০১৫

কক্সবাজারের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে শিশুসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও পুকুরে ডুবে এসব মৃত্যু ঘটে।

শনিবার রাত ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পণ্যবাহি ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী পাহাড়িয়া পাড়া গ্রামের নেছার আহমদের ছেলে। তিনি আজিজনগর থেকে তামাক পাতা ভর্তি করে একটি ট্রলি নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। বানিয়ারছড়া আমতলী এলাকা অতিক্রম কালে পণ্যবাহি একটি ট্রাক সামনে থেকে ট্রলিকে ধাক্কা দিলে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান কবির।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান তথ্যের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে দেয়া হয়েছে।

একইদিন বিকাল ৫টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁওতে গরুবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইলিয়াছ (৪৫) নামের এক পথচারী নিহত যান। তিনি স্থানীয় জালালাবাদ ইউনিয়নের দক্ষিণলরাবাগের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ৭ সন্তানের জনক।

মহাসড়কের ওই অংশে নিয়মানুসারে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক গরুবাজার বসে। শনিবার বাজারে আনা দুই গরুর লড়াইয়ের ধাক্কা সামলাতে রাস্তার উপর উঠে যান ইলিয়াছ। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে।

শনিবার সকাল ৯টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের বিবিরখিল উত্তর পহরচাঁদা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন মুহাম্মদ এহছান (১৫)। তিনি স্থানীয় নাছির উদ্দিনের ছেলে। বাড়ির পাশের দোকানে সকালের নাস্তা করতে এসে এ দুর্ঘটনায় পড়েন তিনি।

দোকানি আবুল হোছাইন সওদাগরের ছেলে জাহাঙ্গীরের সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে পায়ের স্যান্ডেল খুলে যায় তার।  সেই স্যান্ডেল টিনের চালের ওপর নিক্ষেপ করে দোকানি আবুল হোছাইন। তা নামিয়ে আনতে এহছান টিনের চালে উঠলে, সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে সে প্রাণ হারায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

একইদিন, কক্সবাজার সদরের ঈদগাঁওতে পুকুরে ডুবে তাজুল ইসলাম (২) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। ১৬ মে বেলা ১১টার দিকে অসাবধানতা বশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।