গণতন্ত্রের অস্তিত্ব রক্ষায় লড়াই করতে হবে : তরিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের বিচার পাওয়ার অধিকার নেই, মানুষ বিচার চাইতে পারে না- সেই সমাজে বসবাস করছি। গণতন্ত্রের অস্তিত্ব রক্ষায় আমাদের এক হয়ে লড়াই করতে হবে। তবেই সফলতা আসবে।
বুধবার যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তরিকুল ইসলাম আরও বলেন, ৩০ লাখ শহীদের বিনিময় অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন হতে চলেছে। তাই দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ব্যক্তিস্বার্থকে ঊর্ধ্বে রেখে আবার লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করতে হবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হুদার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুলপুত্র অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর মণ্ডল, রফিকুর রহমান তোতন, অ্যাডভোকেট ইসহাক, গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলন রহমান/আরএআর/আরআইপি