গরু বোঝাই ট্রাকের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৪ জুন ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজনের নাম আবু বকর (৩০)। বাকি দুইজন অজ্ঞাত। তাদের বয়স (৪০) ও (৩০) বছর। অপরজন অজ্ঞাত নারী (২৫)। তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

আহতদের মধ্যে রাসেল (২৩), শহিদুল (৪৫), শুভ (১৫), ইভা (২৫) ও অভিকে (১২) গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের এসআই মো: কাউছার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহি লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ লেগুনা যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এবং পরে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে আহতদের এ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এক নারী ও অজ্ঞাত দুই পুরুষকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু রকর ও ফরিদাকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করা হয়েছে। বাকিদের এ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আবু বকরকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।