কালীগঞ্জে ২ শতাধিক লিটার চোলাই মদ জব্দ


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০১ জুলাই ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে জনপ্রতিনিধির নেতৃত্বে সামাজিক প্রতিরোধের মাধ্যমে ২ শতাধিক লিটার চোলাই মদ জব্দ করেছে এলাকাবাসী।

এ সময় চোলাই মদ তৈরির বেশ কিছু উপকরণও জব্দ করা হয়। শনিবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের ভেটুর গ্রামের সোহেল কস্তার বাড়িতে অভিযান চালায় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ভেটুর গ্রামের মৃত সুশান্ত কস্তার ছেলে চোলাই মদ বিক্রেতা সোহেল কস্তা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করছিল। কিন্তু এ নিয়ে ওই গ্রামে কয়েকদিন পর পর নানা সামাজিক অবক্ষয় দেখা দেয়।

সেই প্রেক্ষিতে সামাজিক অবক্ষয়ের কথা চিন্তা করে স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় ওই গ্রামে চোলাই মদ বন্ধে সামাজিক প্রতিরোধে অভিযান চালায় এলাকাবাসী। অভিযানে ২ শতাধিক লিটার চোলাই মদ জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সাকিব হাসান, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, আওয়ামী লীগ নেতা আল-আমিন, নাহিদ আহমেদ, আজিজুল খান প্রমুখ।

ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেন, প্রতিটি ওয়ার্ডে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ ওয়ার্ড মাদকমুক্ত করতে পারলেই পুরো দেশ মাদক মুক্ত হয়ে যাবে। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে তার ওয়ার্ডে কোনো মাদক ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

এসআই সাকিব হাসান জানান, পুলিশের সহযোগিতায় সামাজিক প্রতিরোধে তিন ড্রাম চোলাই মদের উপকরণসহ ২ শতাধিক চোলাই মদ উদ্ধার এবং তা জনসম্মুখে বিনষ্ট করা হয়। তবে অভিযানের কথা টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।