কালিয়াকৈরে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৩ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় নাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওয়ালটন কারখানার সমানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।

নিহত নাসির উদ্দিন টাঙ্গাইলের গোপালপুর থানার বালুবাড়ি এলাকার আজমত আলীর ছেলে। তিনি ওয়ালটন কারখানার আরএনডি অ্যালুমিনিয়াম সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।

নাসির উদ্দিনের আত্মীয় কাজী রফিকুল ইসলাম জানান, নাসির উদ্দিন কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায় বাসা ভাড়া থেকে ওয়ালটন কারখানায় চাকরি করতেন। তিনি গত রাতের সিফটের ডিউটি করেন। ডিউটি শেষে সোমবার সকালে বাসায় ফেরার পথে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় কালিয়াকৈরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, সকাল পৌনে ৬টার দিকে কারখানার সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকসহ চালক আব্দুল মজিদকে (২৮) আটক করা হয়েছে। আটক আবদুল মজিদ নাটোর সদরের চরতেলবাড়ি এলাকার মোকসেদ আলীর ছেলে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।