যুবলীগ নেতা কামাল হত্যার প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৬ জুলাই ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর চাঞ্চল্যকর যুবলীগ নেতা কামাল হত্যা মামলার প্রধান আসামি মো. ফাহিমকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-১ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে উত্তরা ১০নং সেক্টর হতে যুবলীগ নেতা কামাল হত্যা মামলার প্রধান আসামি মো. ফাহিমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যুবলীগ নেতা কামালকে চাকু দ্বারা হত্যা করেছে বলে স্বীকার করেছে।

র‌্যাব আরও জানায়, গত ১ জুলাই রাতে টঙ্গী রেল স্টেশনের গোল চত্বর এলাকার রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে টঙ্গী থানার যুবলীগ নেতা কামাল উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়। তদন্তকালে জানা যায় যুবলীগ নেতা কামালের সঙ্গে ফাহিম ও তার স্থানীয় কয়েকজন বন্ধু দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত কোয়ার্টারে মাদক দ্রব্য সেবন ও জুয়া খেলে আসছিল।

ঘটনার দিন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কামালের সঙ্গে জুয়া খেলতে আসা ফাহিম ও অন্যান্য জুয়াড়িদের ঝগড়া হয়। ঝগড়ার একপর‌্যায়ে ফাহিম ও তার সহযোগীরা চাকু দিয়ে কামালের তলপেটে আঘাত করে হত্যা করে।

পরবর্তীতে র‌্যাবের পক্ষ থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু হয় এবং আসামি গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গ্রেফতার আসামিকে টঙ্গী থানায় হন্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।