টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩ এএম, ৩১ মার্চ ২০২৬

গাজীপুরের টঙ্গীর কাদেরিয়া গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) ওপর একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী কাদেরিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ঢাকা থেকে গাজীপুরগামী প্রাইভেটকারটি বিআরটি উড়ালসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিল গেট সংলগ্ন এলাকা দিয়ে লুপ ধরে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়। গাড়িতে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে আনার পরও অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এমএআই/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।