গাজীপুরে বিমান বাহিনীর সৈনিক ৬ দিন ধরে নিখোঁজ


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৭ জুলাই ২০১৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার নাহিদ আল নোমান (২০) নামে বিমান বাহিনীর এক সৈনিক গত ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ নাহিদ আল নোমান কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার মো. আবু তাহেরের ছেলে।

পরিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ আল নোমান চট্টগ্রামের পতেঙ্গা ইউনিটে কর্মরত আছেন। গত ২২ জুন ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতে আসেন। ছুটি শেষে গত ১ জুলাই সকাল ৮টার দিকে বাড়ি থেকে পতেঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। পরবর্তীতে তিনি তার কর্মস্থলেও যাননি এমনকি বাড়িতেও ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার নিকট আত্মীয়-স্বজন সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই ঘটনায় নাহিদের বাবা আবু তাহের গত ৪ জুলাই কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাকিম জানান, নাহিদ আল নোমানের মুঠোফোন ট্রাকিং করে তার সর্বশেষ লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।