বেনাপোলে পরিবহন ধর্মঘট
পরিবহন কাউন্টার ভাঙচুর ও চার শ্রমিককে মারধরের প্রতিবাদে যশোরের বেনাপোলে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ওই হামলার ঘটনার পর শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
পরিবহন শ্রমিকরা জানান, জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে শুক্রবার বিকেলে বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বেনাপোল বন্দরে একটি মিছিল বের করে। মিছিলটি বেনাপোল পরিবহন স্ট্যান্ডে পৌঁছালে গ্রিনলাইন পরিবহনের এক শ্রমিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই পরিবহনের চার শ্রমিক মারধরের শিকার হন। পরে বিজিবি ক্যাম্পের সামনে গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা।
এর জের ধরে পরিবহন শ্রমিকরা শনিবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন। হামলার ঘটনায় জড়িতদের আটক করা না পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
বেনাপোল গ্রিনলাইন পরিবহনের ম্যানেজার রবীন কুমার জানান, বেনাপোলের সকল পরিবহন ম্যানেজার ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করে এই কর্মসূচি ঘোষণা করেছেন।
বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, হামলার ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি। আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের উদ্যোগ নেয়া হচ্ছে।
মিলন রহমান/আরএআর/এমএস